জাতীয় —
শুরুটা হয়েছিল সোমবার সন্ধ্যায়, দিল্লিতে সনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে। সেখানে খাবার টেবিলে সনিয়া ও রাজীব গান্ধীর ঘনিষ্ঠ মুহূর্তের কথা তুলে ধরেছিলেন তাঁদের পুত্র তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই বক্তব্যকে হাতিয়ার করেই রাহুলকে নিশানা করে সমাজমাধ্যমে পোস্ট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার মঙ্গলবার পাল্টা জবাব দিলেন রাহুল। আর তাঁর সেই জবাব ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
শিব-পার্বতীর ভাস্কর্যের ছবি পোস্ট
মঙ্গলবার দুপুরে সমাজমাধ্যমে দ্বাদশ শতকের কর্নাটকের বিখ্যাত হোয়সালেশ্বর শৈব মন্দিরের বাইরে খোদাই করা একটি ভাস্কর্যের ছবি পোস্ট করেন রাহুল গান্ধী। পাথরের গায়ে খোদাই করা সেই ভাস্কর্যে দেখা যাচ্ছে দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীকে। তাঁদের বাহন নন্দীর পিঠে বসে রয়েছেন দু’জনে। ভাস্কর্যে পার্বতীকে শিবের কোলে, তাঁর পায়ের উপর বসে থাকতে দেখা যায়।
ছবির সঙ্গে রাহুল লেখেন, ‘ভয়, রাগ আর ঘৃণা বিজেপি ও আরএসএসের সমর্থকদের হৃদয়ে এমন এক জাল বুনেছে, যার ফলে তাঁরা ভালবাসা অনুভব করতে বা প্রকাশ করতে পারেন না।’
‘প্রকৃত হিন্দু হিসেবে ঘৃণার জাল থেকে মুক্ত করা কর্তব্য’
নিজের পোস্টে রাহুল আরও লেখেন, প্রকৃত হিন্দু হিসেবে তাঁর কর্তব্য ঘৃণার সেই জাল থেকে পদ্ম-সমর্থকদের মুক্ত করা। যাতে তাঁরাও নিজেদের জীবনে ভালবাসা ও আপন করে নেওয়ার অনুভূতির অপার সৌন্দর্য এবং আনন্দ উপলব্ধি করতে পারেন।
রাজনৈতিক আক্রমণ-প্রতিআক্রমণের আবহে রাহুলের এই পোস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। হিন্দুত্ববাদী রাজনীতির সমালোচনা করতে গিয়ে কর্নাটকের প্রাচীন শৈব মন্দিরের শিব-পার্বতীর ভাস্কর্যকে সামনে এনেছেন তিনি।
আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠান থেকেই বিতর্কের সূত্রপাত
সোমবার দিল্লিতে সনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে বাবা-মায়ের ব্যক্তিগত জীবনের একটি মুহূর্তের কথা বলেছিলেন রাহুল। সেই বক্তব্যকে কেন্দ্র করেই বিজেপি শিবিরের তরফে সমালোচনা শুরু হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও সমাজমাধ্যমে রাহুলকে নিশানা করেন। তার পরের দিনই ভাস্কর্যের ছবি পোস্ট করে পাল্টা বার্তা দিলেন কংগ্রেস সাংসদ।




















