রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ, জেনে নিন বিকল্প রাস্তা

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ, জেনে নিন বিকল্প রাস্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

রবিবার ফের যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। সেতু বন্ধ থাকাকালীন কোন কোন বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে, তা-ও নির্দেশিকায় জানানো হয়েছে।

কোন পথে চলবে গাড়ি?

নির্দেশিকা অনুযায়ী, এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলি টার্ফভিউ হয়ে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে পৌঁছতে পারবে। বিকল্প হিসেবে হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড ধরেও যাওয়া যাবে।

কেপি রোড থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে।

অন্যদিকে, সিজিআর রোড ধরে খিদিরপুর থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলি হেস্টিংস মোড় থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছবে।

এছাড়া, কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতু হয়ে ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট র‌্যাম্প দিয়ে হাওড়া ব্রিজে যেতে হলে রেড রোড ব্যবহার করতে হবে।

কেন গুরুত্বপূর্ণ এই সেতু?

হাওড়া, সাঁতরাগাছি-সহ বিভিন্ন এলাকার সঙ্গে কলকাতার সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বিদ্যাসাগর সেতু। পাশাপাশি রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে যাতায়াতের ক্ষেত্রেও এই সেতুর গুরুত্ব অপরিসীম। প্রতিদিন ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার গাড়ি এই সেতু দিয়ে যাতায়াত করে।

৮২৩ মিটার দীর্ঘ বিদ্যাসাগর সেতুটি ভারতের দীর্ঘতম কেবল-স্টেড সেতু। সেতুটির বয়স ৩৩ বছরে পৌঁছেছে। সেতু নির্মাণের পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের সংস্কার ও পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে।

সেতু নির্মাণে ব্যবহৃত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব এবং এক্সপ্যানশন জয়েন্টের মতো অংশগুলির বয়স ২৫ বছরের বেশি হয়ে গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেতু বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে যান চলাচলের চাপ সামলানোর পর একটি সেতুর নিয়মিত সংস্কার অত্যন্ত জরুরি। সময়মতো প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে।

তাই রবিবার সেতুতে যান নিয়ন্ত্রণের কারণে যাত্রী ও গাড়িচালকদের বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top