পশ্চিমবঙ্গ —
বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যখন জোর চর্চা চলছে, ঠিক তখনই নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। মৃত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পরিবারগুলিকে স্বস্তি দিয়ে বকেয়া ডিএ এবং মহার্ঘ ত্রাণ বা ডিআর (DR) পাওয়ার আবেদনের সময়সীমা আরও ৯০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বকেয়া ডিএ পেতে কী জানাল অর্থ দফতর?
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য নমিনি বা আইনগত উত্তরাধিকারীরা বকেয়া ডিএ ও ডিআর পাওয়ার জন্য আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ৯০ দিন সময় পাবেন।
উল্লেখ্য, এর আগে ২৩ মার্চ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিজ্ঞপ্তি প্রকাশের ১৮০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র এবং ব্যাঙ্কের তথ্য-সহ আবেদন জমা দিতে হবে। এবার সেই সময়সীমা আরও ৯০ দিন বাড়ানো হল। ফলে যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে পারেননি, তাঁরা নতুন করে আবেদন করার সুযোগ পাবেন।
কারা পাবেন বকেয়া ডিএ-ডিআরের টাকা?
এই বকেয়া অর্থ পাওয়ার প্রক্রিয়াটি মূলত প্রয়াত রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নমিনি এবং আইনগত উত্তরাধিকারীদের জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকার বকেয়া অর্থ মেটানোর প্রক্রিয়া চালাচ্ছে।
এই বকেয়ার আওতায় রয়েছে ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের পঞ্চম বেতন কমিশনের অধীনে প্রাপ্য মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR)।
নতুন বিজ্ঞপ্তির ফলে মৃত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পরিবারের সদস্যরা আবেদন জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় পাবেন। ফলে বকেয়া ডিএ-ডিআর পাওয়ার প্রক্রিয়ায় তাঁদের কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।



















