পশ্চিমবঙ্গ —
‘ভারতই বাংলাদেশের জন্মদাতা।’ ধর্মের ভিত্তিতে অখণ্ড ভারতকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল— ভারত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। দেশভাগের ইতিহাস নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, ব্রিটিশরা দেশভাগের বিষয়ে জওহরলাল নেহরুকে ভুল বুঝিয়েছিল।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সে দেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন ও অশান্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে কী বলা হবে, তা বিদেশমন্ত্রকই জানাবে। তবে একজন হিন্দু বাঙালি হিসেবে তিনি মনে করেন, বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত।
দেশভাগ নিয়ে নেহরুকে নিশানা
শমীক ভট্টাচার্যের বক্তব্য, ব্রিটিশরা জওহরলাল নেহরুকে ভুল বুঝিয়েছিল এবং তাদের উদ্যোগেই দেশভাগ হয়েছিল। তাঁর দাবি, ভাষা বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে নয়, সম্পূর্ণ ধর্মের ভিত্তিতেই ভারতকে ভাগ করা হয়েছিল।
তিনি আরও বলেন, সেই সময় গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে সাধারণ মানুষকে রক্ষা করাই ছিল প্রধান কর্তব্য। কিন্তু তাঁর অভিযোগ, তৎকালীন নেতৃত্ব মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছিল।
নেতাজি প্রধানমন্ত্রী হলে দেশভাগ হত না, দাবি শমীকের
দেশভাগ প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গও তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, নেতাজি যদি সেদিন দেশের প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে তিনি দ্বিজাতি তত্ত্ব মেনে নিতেন না। এক রাষ্ট্রের নীতিতে বিশ্বাসী নেতাজি কোনওভাবেই দেশভাগ হতে দিতেন না বলেও মন্তব্য করেন শমীক ভট্টাচার্য।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, হিন্দুদের নিরাপত্তা এবং দেশভাগের ইতিহাস— এই তিনটি বিষয়কে সামনে রেখেই তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।



















