কলকাতা —
ফের শহরে সক্রিয় সেক্সটরশন চক্র। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর এক প্রৌঢ়কে ব্ল্যাকমেল করে দফায় দফায় মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সাইবার জালিয়াতদের বিরুদ্ধে। এই ঘটনায় বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই প্রৌঢ়।
গত কয়েক বছরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার বহু বাসিন্দা সেক্সটরশনের ফাঁদে পড়েছেন। ভিডিওকলের মাধ্যমে ফাঁসিয়ে আপত্তিকর ছবি বা ভিডিওর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে একাধিকবার। এভাবে কোটি কোটি টাকা হাতিয়েছে সাইবার অপরাধীরা।
সেক্সটরশনে সক্রিয় একাধিক সাইবার গ্যাং
তদন্তে বিভিন্ন সময়ে এই ধরনের প্রতারণার পিছনে রাজস্থানের ভরতপুর গ্যাংয়ের যোগ থাকার অভিযোগ সামনে এসেছে। পরবর্তী সময়ে দিল্লি, বিহার এমনকী জামতাড়ার সাইবার অপরাধীরাও একই কৌশলে প্রতারণা চালাতে শুরু করে বলে জানা যায়।
তবে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধি এবং পুলিশের ধরপাকড়ের জেরে সেক্সটরশনের মাধ্যমে প্রতারণার ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু বাঁশদ্রোণীর সাম্প্রতিক ঘটনা ফের নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সাইবার জালিয়াতরা আবার এই পদ্ধতিতে টাকা হাতানোর চেষ্টা করছে বলে মনে করছেন তদন্তকারীরা।
ভরতপুর গ্যাংয়ের যোগ রয়েছে কি?
বাঁশদ্রোণীর ঘটনার পিছনে রাজস্থানের ভরতপুর গ্যাংয়ের হাত থাকতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। যদিও তদন্তের আগে এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
পুলিশের পরামর্শ, ভিডিওকলের মাধ্যমে কেউ যোগাযোগ করে পরে আপত্তিকর ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করলেও কোনওভাবেই টাকা পাঠানো উচিত নয়। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।




















