নিউ টাউনে বিধানসভা, হাইকোর্ট ও প্রশাসনিক ভবন! একই চত্বরে বিচারপতি, মন্ত্রী ও বিধায়কদের আবাসন তৈরির পরিকল্পনা

নিউ টাউনে বিধানসভা, হাইকোর্ট ও প্রশাসনিক ভবন! একই চত্বরে বিচারপতি, মন্ত্রী ও বিধায়কদের আবাসন তৈরির পরিকল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

নিউ টাউনে নতুন বিধানসভা ও কলকাতা হাইকোর্টের ভবন তৈরির পাশাপাশি একই চত্বরে প্রশাসনিক ভবন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই এলাকাতেই বিচারপতি, মন্ত্রী, বিধায়ক এবং শীর্ষ সরকারি আধিকারিকদের আবাসন তৈরির কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতার ময়দানে পিডব্লিউডি তাঁবুতে সাংবাদিক বৈঠক করে এই বৃহৎ পরিকাঠামোগত পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন তিনি।

পাশাপাশি, আগামী তিন মাসের মধ্যে ভাঙড়, পুরুলিয়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল ও সিঙ্গুর-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ৮ থেকে ১০ হাজার একর জমি কেনার লক্ষ্যমাত্রার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

নিউ টাউনের পরিকাঠামো পরিকল্পনা নিয়ে শুভেন্দু জানান, বিধানসভা এবং হাইকোর্টের জন্য ইতিমধ্যেই বড় এলাকা চিহ্নিত করা হয়েছে। একই ক্যাম্পাসের মধ্যে বিধানসভা ভবন, হাইকোর্ট, প্রশাসনিক পরিকাঠামো এবং বিচারপতি, মন্ত্রী ও বিভিন্ন দফতরের প্রধান আধিকারিকদের আবাসন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিধায়কদের জন্য নতুন আবাসনও নিউ টাউনেই তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রশাসনিক মহলের একাংশের মতে, ভবিষ্যতে রাজ্য বিধানসভার আসনসংখ্যা ২৯৪ থেকে বেড়ে ৪০০-র বেশি হতে পারে— এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই এই আগাম প্রস্তুতি। পাশাপাশি, কলকাতা হাইকোর্টের বর্তমান ভবনে জায়গার সীমাবদ্ধতা কাটানোর লক্ষ্যেও নতুন পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে বিধানসভার আসনসংখ্যা বৃদ্ধি এবং তার বাস্তবায়ন সম্পূর্ণভাবে সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।

সব মিলিয়ে নিউ টাউনকে কেন্দ্র করে বিধানসভা, বিচারব্যবস্থা ও প্রশাসনের জন্য একটি বৃহৎ পরিকাঠামোগত চত্বর গড়ে তোলার পরিকল্পনার কথা সামনে আনলেন মুখ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top