কেরল: মাত্র ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়ল কেরলের এক কিশোর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছে রাউল জন আজু। শুধু বৈঠকে অংশগ্রহণই নয়, পুতিনের সঙ্গে সেলফি তোলার আবদার জানিয়েও সকলের নজর কেড়েছে সে। ইতিমধ্যেই সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছেলের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাবা আজু জোসেফ। পুতিনের সঙ্গে ছেলের ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, একজন বাবার কাছে এটি অত্যন্ত গর্বের মুহূর্ত।
রাশিয়ার সংবাদমাধ্যম রাশিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ নভেম্বর বিশ্বের বিভিন্ন প্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এআই সংক্রান্ত একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বৈঠকে কাজাখস্তানের নেতার পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন প্রযুক্তি সংস্থার প্রতিনিধিরা। আমন্ত্রণ পেয়েছিল এআই প্রযুক্তি সংস্থা থিঙ্কক্র্যাফটের সিইও রাউল জন আজুও।
বৈঠকে নিজের সংস্থার কাজকর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও চিন্তাভাবনা তুলে ধরে রুশ প্রেসিডেন্টের প্রশংসা আদায় করে নেয় ১৭ বছরের এই কিশোর। আন্তর্জাতিক স্তরের এমন গুরুত্বপূর্ণ বৈঠকে তার উপস্থিতি ইতিমধ্যেই বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে।
তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে পুতিনের সঙ্গে তার সেলফি তোলার মুহূর্ত। বয়সে অনেক বড় আন্তর্জাতিক রাষ্ট্রনেতার সামনে দাঁড়িয়েও নিজের আবদার জানাতে পিছপা হয়নি রাউল। আর সেই মুহূর্তই এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু।




















