নয়াদিল্লি: কেন্দ্রের ডিলিমিটেশন (Delimitation) উদ্যোগের বিরুদ্ধে এবার সংসদে সরব হতে চলেছে বিরোধী শিবির। আগামী সপ্তাহের সংসদ অধিবেশনে এই বিতর্কিত ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ার সম্ভাবনা। বিলটি পাশ করানোর মতো প্রয়োজনীয় সমর্থন জোগাড়ের বিষয়ে বিজেপি আত্মবিশ্বাসী বলে মনে করা হলেও, যেকোনও পরিস্থিতিতে প্রস্তাবিত আইনের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধীর বাসভবনে আয়োজিত পার্লামেন্টারি স্ট্র্যাটেজি কমিটির বৈঠকে এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করা হয়েছে। বৈঠকে উপস্থিত নেতাদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে, সংসদে ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো হবে।
বিরোধী দলনেতা রাহুল গান্ধী এখনও এই বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে সূত্রের দাবি, বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিরোধীদের হাতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকুক বা না থাকুক, ডিলিমিটেশন বিলের তীব্র বিরোধিতা করা হবে। সূত্র অনুযায়ী, রাহুলের বক্তব্য ছিল, ”আমাদের সিদ্ধান্ত স্পষ্ট।”
সূত্রের আরও দাবি, বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থেই ডিলিমিটেশন বিলটি ফের সামনে নিয়ে আসছে বলে বৈঠকে মন্তব্য করেছেন রাহুল গান্ধী।
অন্যদিকে, কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানিয়েছেন, বৈঠকে লোকসভা ও রাজ্যসভার কংগ্রেস সাংসদরা উপস্থিত ছিলেন। পাশাপাশি, শনিবার আরও এক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। ফলে আগামী সপ্তাহের সংসদ অধিবেশনে ডিলিমিটেশন ইস্যুতে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।




















