
নিজস্ব সংবাদদাতা,ভাঙড়,১০ ই জুলাই :দিনের পর দিন বন্ধ বেতন। সেই কারণে মঙ্গলবার থেকেই কলকাতা লেদার কমপ্লেক্সের দু’ নম্বর গেট বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ট্যানারির প্রায় পঞ্চাশজন শ্রমিক। অভিযোগ এই ট্যানারির বহু শ্রমিক প্রায় এক বছর ধরে বেতন পাচ্ছেন না। এ বিষয়ে সরকারের বিভিন্ন দফতরে জানিয়ে ও কোন লাভ হয়নি। তাই অবশেষে আন্দোলনের পথে নেমেছেন তারা।
১৯৯৮ সালে কলকাতা লেদার কমপ্লেক্সে তৈরির জন্য মোট ৮৩টি পরিবার জমি দিয়েছিল। চুক্তি অনুযায়ী এখানে সমস্ত পরিবার পিছু একজনকে চাকরি দেওয়ার কথা ছিল। চাকরি ও পেয়েছিলেন সব পরিবারের সদস্যরা। কিন্তু বেশ কিছুদিন যাবৎ এদের মধ্যে কিছু শ্রমিককে অন্যত্র কাজে পাঠানো নয়। বাকি শ্রমিকদের ট্যানারিতে কাজ করানো হলেও বেতন দেওয়া হচ্ছে না ঠিকমতো। আর সেই কারণেই গত মঙ্গলবার থেকে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন এই সমস্ত কর্মীরা। যদিও এ বিষয়ে ট্যানারি কতৃপক্ষ কোনভাবেই মুখ খুলতে চাননি।



















