
পূর্ব মেদিনীপুর: করোনা আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল অ্যাম্বুলেন্স চালক ও এক করোনা আক্রান্তের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত ৬নং জাতীয় সড়কের কলিশ্বর এলাকায়। জানা গেছে মৃত ওই অ্যাম্বুলেন্স চালকের নাম রাজু মন্ডল(৩২)। অ্যাম্বুলেন্স চালকের পাশাপাশি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও এক করোনা আক্রান্তের।
পূর্ব মেদিনীপুর জেলায় পরিযায়ী যোগে করোনা আক্রান্তের সংখ্যা দিনের-পর-দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছিল। শনিবার রাতে জেলার কোলাঘাট ব্লকের তিনজন পরিযায়ী শ্রমিকের করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তাদের মধ্যে দুজনকে কোলাঘাট ব্লকের একটি করোনাবাহী অ্যাম্বুলেন্সে করে পাঁশকুড়ার বড়োমা করোনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছিল। এমন সময় পাঁশকুড়া থানার অন্তর্গত ৬নং জাতীয় সড়কের কলিশ্বরের কাছে দুর্ঘটনাটি ঘটে। এদিন রোগী নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স চালক হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালক রাজু মন্ডলের। জানা গেছে তিনিই কোলাঘাট ব্লকের একমাত্র করোনাবাহী অ্যাম্বুলেন্সের চালক। দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সের ভেতরে দুই করোনা আক্রান্ত থাকায় স্থানীয়দের কেউই ভয়ে এগিয়ে আসেননি। এরপর স্থানীয় পাঁশকুড়া থানা ও বড়মা করোনা হাসপাতালে খবর দেওয়া হলে হাসপাতালে কর্মীরা এসে ওই দুই করোনা আক্রান্তকে নিয়ে বড়মা করোনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। প্রথমে দুই করোনা আক্রান্তকে চিকিৎসকরা ভেন্টিলেশনে রাখলে সেখানে দুর্ঘটনাগ্রস্ত এক করোনা রোগীর মৃত্যু হয়। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সের চালককে পুলিশ উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এদিন সকালে দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়লেও পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সটিকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল বলেন, “আক্রন্তরা সকলেই পরিযায়ী শ্রমিক। তাদের লালারশ পরীক্ষায় গতকাল রাতে করোনা সংক্রামন ধরা পড়ে। এরপর তাদের রবিবার সকালে চিকিৎসার জন্য পাঁশকুড়া করোনা হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল।”
পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র বলেন, “আমরা দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকলকে উদ্ধার করি। সামনে থাকা ট্রাকটিকে আটক করা হয়েছে। মৃত চালককে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



















