অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক বৃদ্ধি, ১ অগাস্ট থেকে কার্যকর নতুন সিদ্ধান্ত

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক বৃদ্ধি, ১ অগাস্ট থেকে কার্যকর নতুন সিদ্ধান্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশাকর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। বাজেটে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এবার তাঁদের মাসিক সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতর। সেই বিজ্ঞপ্তির কপি সামাজিক মাধ্যমে প্রকাশ করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

৯ জুলাই, ২০২৬ তারিখে জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ অগাস্ট, ২০২৬ থেকে বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুসারে, অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত সাম্মানিক ৫,০০০ টাকা বৃদ্ধি পেয়ে ৯,৫০০ টাকায় পৌঁছাবে। এর সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে প্রাপ্য ৪,৫০০ টাকা যুক্ত হলে তাঁদের মোট মাসিক সাম্মানিক হবে ১৪,০০০ টাকা।

অঙ্গনওয়াড়ি সহায়িকারাও একইভাবে এই আর্থিক সুবিধার আওতায় আসছেন। তাঁদের অতিরিক্ত সাম্মানিক ৫,০০০ টাকা বৃদ্ধি করে ৯,৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে প্রাপ্য ২,২৫০ টাকা যোগ হলে তাঁদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে ১১,৮০০ টাকা।

সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই অতিরিক্ত সাম্মানিকের সম্পূর্ণ ব্যয় রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বহন করবে। সরকারি এবং বেসরকারি উভয় সংস্থার অধীনে পরিচালিত সমন্বিত শিশুবিকাশ পরিষেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা এই বর্ধিত আর্থিক সুবিধা পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে সাম্মানিক বৃদ্ধির অপেক্ষায় থাকা কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top