বিদেশ – অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক এবং ভারতীয়দের অবদান নিয়ে বিশেষ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তৃতার সময় তিনি ভারতীয়দের তুলনা করেন দুধে মিশে যাওয়া চিনির সঙ্গে। পাশাপাশি দুই দেশের বন্ধুত্বের গভীরতা বোঝাতে তিনি ‘এক আর একে এগারো’ উপমাও ব্যবহার করেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা ভারতীয়রা দুধে চিনির মতো। তাতে সেটা আরও মিষ্টি হয়ে যায়। আমরা যেখানেই যাই, ভালোবাসা ছড়িয়ে দিই। আপনাদের বাড়িতে দুধটা হয়তো অস্ট্রেলিয়ার, কিন্তু চা ভারতীয়।” তাঁর এই বক্তব্য উপস্থিত প্রবাসী ভারতীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
‘ভারতীয়রা দুধে চিনির মতো’— এই উপমার মাধ্যমে প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন, বিশ্বের যে দেশেই ভারতীয়রা বসবাস করুন না কেন, তাঁরা সেখানকার সংস্কৃতি ও সমাজের সঙ্গে সহজেই একাত্ম হয়ে যান। নিজেদের কর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের মাধ্যমে তাঁরা স্থানীয় সমাজে ইতিবাচক প্রভাব ফেলেন এবং পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বক্তৃতায় ভারত ও অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান সম্পর্কের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বিশ্বাস এবং বন্ধুত্বের বার্তাই বিশেষভাবে উঠে আসে।




















