রাজ্য – রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী ও পারিবারিক পেনশনভোগীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কলকাতা পুরসভা এলাকার পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ত্রাণ (ডিআর)-এর ৫০ শতাংশ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে মঙ্গলবার অর্থ দফতরের পেনশন শাখা বিজ্ঞপ্তি জারি করেছে। এই সিদ্ধান্তে বহু পেনশনভোগী উপকৃত হবেন বলে প্রশাসনের আশা।
অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাঙ্কগুলির কাছে অতীতের পেনশন প্রদানের সম্পূর্ণ তথ্য না থাকায় কলকাতা পুরসভা এলাকার পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সালের রোপা (ROPA) সময়কালের বকেয়া মহার্ঘ ত্রাণ দীর্ঘদিন ধরে আটকে ছিল। তবে সমস্ত তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই আনুমানিক বকেয়া ডিআরের ৫০ শতাংশ সংশ্লিষ্ট পেনশনভোগীদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বকেয়া অর্থ প্রদানের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত এবং নির্ভুল করতে রাজ্য সরকার ডবলুবিআইএফএমএস (WBIFMS)-এর অধীনে একটি নতুন ‘ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল’ চালু করেছে। প্রশাসনের দাবি, এই পোর্টালের মাধ্যমে ভবিষ্যতে পেনশন সংক্রান্ত তথ্য যাচাই এবং অর্থপ্রদানের কাজ আরও সহজ ও কার্যকর হবে।
বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে রাজ্য সরকার বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছিল। সেই ধারাবাহিকতাতেই গত ২৯ মে একটি পৃথক বিজ্ঞপ্তি জারি করে সরকার জানায়, কোনও কর্মী বা পেনশনভোগীর মৃত্যু হলে তাঁর মনোনীত ব্যক্তি অথবা আইনগত উত্তরাধিকারী বকেয়া ডিআরের অর্থ পাওয়ার অধিকারী হবেন।
সরকারি সূত্রের মতে, বকেয়া অর্থ বিতরণের সময় বহু কর্মী ও পেনশনভোগী ইতিমধ্যেই প্রয়াত হওয়ায় অর্থপ্রদান নিয়ে নানা প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। সেই সমস্যা দূর করতেই নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, যাতে উত্তরাধিকারীদের কাছে বকেয়া অর্থ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও নির্দিষ্ট হয়।



















