অভিষেকের জন্মদিন ঘিরে বিতর্কে তৃণমূলকে নিশানা সুকান্তর, কলকাতা পুরসভার দ্রুত নির্বাচনের দাবিও

অভিষেকের জন্মদিন ঘিরে বিতর্কে তৃণমূলকে নিশানা সুকান্তর, কলকাতা পুরসভার দ্রুত নির্বাচনের দাবিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হিন্দমোটর — অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন ঘিরে সাম্প্রতিক বিতর্কে তৃণমূলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার হিন্দমোটরের একটি সভা থেকে একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি। যাত্রিক ক্লাবের ৫৭তম বর্ষের পুজোর উদ্বোধন করতে এসে অভিষেকের জন্মদিন পালন, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এবং কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাস্তা আটকে জন্মদিন পালনের ঘটনা নিয়ে সুকান্তর বক্তব্য, বাড়ির ভিতরে কিংবা কোনও ক্লাব বা বড় জায়গা ভাড়া নিয়ে জন্মদিন পালন করতেই পারেন অভিষেক। কিন্তু বাড়ির সামনে রাস্তা বন্ধ করে বা ফুটপাত দখল করে অনুষ্ঠান করলে সাধারণ মানুষের অসুবিধা হওয়াই স্বাভাবিক। তাঁর দাবি, এই ধরনের আচরণের জেরেই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে।

মমতার অভিযোগের পাল্টা জবাব

বিজেপি ‘লুম্পেনগিরির ঘটনা ঘটিয়েছে’ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরও পাল্টা জবাব দেন সুকান্ত। তাঁর কটাক্ষ, বিজেপির এমন কোনও কাজ নেই যে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নিজেদের হাত নোংরা করতে হবে। তৃণমূল রাজনৈতিকভাবে মৃত বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, মৃতের উপর আর আঘাত করতে চায় না বিজেপি।

দ্রুত পুরসভা নির্বাচন চায় বিজেপি

কলকাতা পুরসভার নির্বাচন স্থগিত থাকা প্রসঙ্গেও মুখ খোলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তাঁর দাবি, যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত। জনপ্রতিনিধি না থাকলে পুরসভা বা মিউনিসিপ্যালিটির পরিষেবা নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়েন। রাস্তায় আবর্জনা জমে থাকলে বা নাগরিক পরিষেবায় সমস্যা হলে মানুষ কার কাছে অভিযোগ জানাবেন, সেই প্রশ্নও তোলেন তিনি। সুকান্তর মতে, যত দ্রুত কাউন্সিলর নির্বাচন হবে, ততই সাধারণ মানুষের মঙ্গল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top