উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনার অশোকনগরে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় অস্ত্র পাচারচক্রের হদিশ পেল সিআইডি। রবিবার সকালে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং তাজা কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পূজা বিশ্বাস। তিনি হাবরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, নৈহাটি-অশোকনগর রোড ধরে একটি ম্যাজিক গাড়িতে করে আসছিলেন তিনি। গোপন সূত্রে খবর পাওয়ার পর ৮ নম্বর মোড় এলাকায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় পূজা বিশ্বাসের ব্যাগ থেকে উদ্ধার হয় মোট ছয়টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে রয়েছে চারটি ৭ এমএম পিস্তল এবং দুটি ৯ এমএম পিস্তল। পাশাপাশি উদ্ধার হয়েছে ১২টি ম্যাগাজিন, প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ, ১২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন।
সিআইডির প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। এই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে সিআইডি।




















