আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প ওশান’! নতুন প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের

আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প ওশান’! নতুন প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালীকে ঘিরে বিতর্কের পর এবার আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহাসাগরের নাম ‘ট্রাম্প ওশান’ অথবা ‘ওশান অফ দ্য আমেরিকাস’ রাখার ভাবনা প্রকাশ করেছেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই প্রস্তাবের মধ্যে সংশ্লিষ্ট ভৌগোলিক অঞ্চলে মার্কিন প্রভাব প্রতিষ্ঠার রাজনৈতিক বার্তাও থাকতে পারে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার টেনেসি অঙ্গরাজ্যের ক্লার্কসভিলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রচারে অংশ নিয়ে এই মন্তব্য করেন ট্রাম্প। জনসভায় তিনি বলেন, আমেরিকার একটি নদী ও একটি মহাসাগরের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প ওশান’ কিংবা ‘ওশান অফ দ্য আমেরিকাস’-এর মতো নাম রাখা যেতে পারে। তাঁর এই মন্তব্যের পর সভায় উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে জানানো হয়েছে।

ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই অন্তত একটি গুরুত্বপূর্ণ নদী এবং একটি মহাসাগরের নাম পরিবর্তন করতে চান তিনি। তবে কোন নদী বা মহাসাগরের নাম বদলানোর কথা ভাবছেন, তা নির্দিষ্ট করে জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

ভৌগোলিক নাম পরিবর্তনের বিষয়টি শুধু নামের পরিবর্তনেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে ঐতিহাসিক পরিচয়, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাজনৈতিক প্রতীকবাদের প্রশ্নও জড়িয়ে থাকে। ফলে ট্রাম্পের এই প্রস্তাব বাস্তবে কতটা এগোবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভৌগোলিক নাম পরিবর্তন করতে হলে একাধিক প্রশাসনিক ও আন্তর্জাতিক বিষয় বিবেচনায় নিতে হবে।

এখনও পর্যন্ত এই মন্তব্যের ভিত্তিতে কোনও আনুষ্ঠানিক নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানা যায়নি। ফলে ট্রাম্পের প্রস্তাব আপাতত রাজনৈতিক প্রচারসভায় করা একটি মন্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top