নয়াদিল্লি: কেন্দ্রীয় প্রশাসনে বড়সড় রদবদল। ডেপুটি নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন রাজস্থানের ২০১০ ব্যাচের আইএএস আধিকারিক প্রকাশ রাজপুরোহিত। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়োগ সংক্রান্ত নির্দেশ অনুযায়ী, তিনি সঞ্জয় কুমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০৩০ সালের ৮ এপ্রিল পর্যন্ত এই পদে দায়িত্ব সামলানোর কথা রয়েছে তাঁর।
নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধন এবং নির্বাচনী ব্যবস্থার প্রশাসনিক কাজের ক্ষেত্রে ডেপুটি নির্বাচন কমিশনারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে প্রকাশ রাজপুরোহিতের এই নিয়োগকে কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের জারি করা নির্দেশ অনুযায়ী, একাধিক মন্ত্রক ও গুরুত্বপূর্ণ সংস্থায় যুগ্মসচিব এবং সমমর্যাদার পদে মোট ২৭ জন আধিকারিকের নিয়োগে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নিয়োগ সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। প্রশাসনিক কাজের দায়িত্ব পুনর্বণ্টন এবং বিভিন্ন ক্ষেত্রে কাজের গতি বাড়ানোই এই রদবদলের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।




















