আদালত অবমাননার মামলায় চাপে এসএসসি, কলকাতা হাই কোর্টের নির্দেশে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফেরানোর বিজ্ঞপ্তি

আদালত অবমাননার মামলায় চাপে এসএসসি, কলকাতা হাই কোর্টের নির্দেশে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফেরানোর বিজ্ঞপ্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা —

আদালত অবমাননার মামলায় শেষ পর্যন্ত পদক্ষেপ করতে হল স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি)। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এবার তাঁদের পুরনো চাকরিতে ফেরার পথ খুলতে চলেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশের পরেও এসএসসি কোনও পদক্ষেপ না করায় কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় আদালতের প্রশ্নের মুখে পড়ে ছ’সপ্তাহের মধ্যে চূড়ান্ত নিয়োগের আশ্বাস দিয়েছিল এসএসসি। অবশেষে সেই আশ্বাস মেনেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

মামলাকারী ৭৯ জনের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে দাবি করেন, তাঁরা প্রত্যেকেই যোগ্য শিক্ষক। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ—এই তিনটি স্তরেই তাঁরা অংশ নিয়েছিলেন। প্রতিটি নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত মেধাতালিকাতেও তাঁদের নাম ছিল।

কিন্তু নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের নিয়োগ প্রক্রিয়া আগে সম্পন্ন হওয়ায় ওই দুই স্তরে শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তাঁরা। ফলে আপার প্রাইমারি স্তরের কাউন্সেলিংয়ে আর অংশ নেওয়া সম্ভব হয়নি তাঁদের। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়। সেই তালিকায় এই ৭৯ জনও পড়েন।

যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে আগের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত যোগ্য প্রার্থীদের, যাঁদের বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ নেই, তাঁদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার সুযোগের কথা বলা হয়েছিল। সেই সুযোগের দাবিতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ৭৯ জন শিক্ষক-শিক্ষিকা।

তাঁদের আইনজীবীর দাবি, এসএসসির গাফিলতির কারণেই ওই শিক্ষক-শিক্ষিকাদের চাকরি গিয়েছে। আদালতের নির্দেশের পরেও কমিশন পদক্ষেপ না করায় আদালত অবমাননার মামলা দায়ের করতে হয়। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ এবং ছ’সপ্তাহের মধ্যে নিয়োগ সম্পন্ন করার আশ্বাসের পর চাকরি ফেরানোর বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top