বেলেঘাটা —
কালীপুজোর সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ড বেলেঘাটা মেন রোডের একটি বাড়িতে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন অংশে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আগুনের তীব্রতা বুঝে পরে আরও দু’টি ইঞ্জিন পাঠানো হয়। মোট তিনটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান দমকলকর্মীরা।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রবিবার সন্ধ্যায় আচমকাই ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা বাইরে থেকে দৃশ্যমান হয়ে ওঠে। এই দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দেরি না করে দমকল বিভাগে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় বাড়িটিতে কেউ ছিলেন না। ফলে বাড়ির ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা নিয়ে বড়সড় আশঙ্কা তৈরি হয়নি। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না দমকল আধিকারিকরা। তবে অন্য কোনও কারণে আগুন লেগেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে বাড়িটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পরই জানা যাবে।


















