কলকাতা —
রাজ্যে একসঙ্গে ২০৫টি বিএড কলেজে নতুন করে পড়ুয়া ভর্তি বন্ধের নির্দেশ ঘিরে শুরু হয়েছে আইনি লড়াই। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ৫৭টি কলেজ। মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। কলেজগুলির অভিযোগ, কেন তাদের ভর্তি বন্ধ করা হল, সেই কারণ জানিয়ে কোনও স্পষ্ট নোটিস দেওয়া হয়নি। এই সিদ্ধান্তের জেরে কলেজগুলিতে নিয়োগ প্রক্রিয়াও থমকে গিয়েছে বলে জানা গিয়েছে।
বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কোন কোন কলেজ অ্যাফিলিয়েশন বা অনুমোদন পুনর্নবীকরণের যোগ্য নয়, তার তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, তালিকাভুক্ত কলেজগুলি রাজ্য সরকারের নির্ধারিত পরিকাঠামো এবং প্রশাসনিক মানদণ্ড পূরণ করতে পারেনি। সেই কারণেই তাদের অ্যাফিলিয়েশন পুনর্নবীকরণ করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী, তালিকায় থাকা ২০৫টি কলেজ ২০২৬-২৮ শিক্ষাবর্ষে বিএড কোর্সে নতুন করে কোনও পড়ুয়াকে ভর্তি নিতে পারবে না। তবে পরিকাঠামোগত ঘাটতি এবং শিক্ষকের অভাব মেটাতে পারলে ২০২৭-২৯ শিক্ষাবর্ষের জন্য ফের নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে কলেজগুলি।
এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছে ৫৭টি বিএড কলেজ। তাদের দাবি, ভর্তি বন্ধের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কলেজগুলিকে নির্দিষ্ট কারণ জানানো হয়নি। মঙ্গলবার হাই কোর্টে মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ। আদালতের পর্যবেক্ষণে এই সিদ্ধান্তের ভবিষ্যৎ কী দাঁড়ায়, এখন সেটাই দেখার।



















