কলকাতা – আমতলায় দলীয় কার্যালয় ভাঙার প্রশাসনিক পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ছুটির দিনেও জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানানো হয়েছে। বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে দুপুর ১২টা নাগাদ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এই মামলাটি দায়ের করেছেন। প্রশাসনের ভাঙার সিদ্ধান্তের বৈধতা নিয়েই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
শনিবার সকাল থেকেই আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ঘিরে প্রশাসনিক অভিযান শুরু হয়। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে কার্যালয়ের চারপাশে ব্যারিকেড বসিয়ে সাধারণ মানুষের যাতায়াতও নিয়ন্ত্রণ করা হয়। পরে তিনটি বুলডোজার এনে ভবনের একটি অংশ ভাঙার কাজ শুরু করে প্রশাসন। রবিবারও সেই অভিযান অব্যাহত রয়েছে।
প্রশাসনের দাবি, দলীয় কার্যালয় নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমোদিত বিল্ডিং প্ল্যান এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়নি। এই বিষয়ে ৩০ জুন প্রথম নোটিস এবং ৭ জুলাই দ্বিতীয় নোটিস পাঠানো হয়েছিল। পাশাপাশি ১৫ জুলাই জেলা প্রশাসনের দফতরে হাজির হয়ে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল বলে দাবি প্রশাসনের। অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে ওই নোটিসগুলির কোনও জবাব বা নথি জমা না পড়ায় ভবন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।



















