কলকাতা – উৎসবের মরশুম শুরুর মুখেই কলকাতার হোটেল ও গেস্ট হাউসগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। নিউমার্কেট এলাকার সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার পর শহরজুড়ে হোটেল ও গেস্ট হাউসগুলির ট্রেড লাইসেন্স এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ সমীক্ষা চালানো হয়। গত সোমবার পর্যন্ত ৯৬০টি গেস্ট হাউসে সমীক্ষা চালিয়ে ৯১৯টিকেই ‘ক্লোজ নোটিশ’ দেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, সমীক্ষায় চিহ্নিত অধিকাংশ গেস্ট হাউসেই অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গুরুতর ত্রুটি ও গাফিলতি ধরা পড়েছে। পাশাপাশি বৈধ ট্রেড লাইসেন্স বা প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই বহু হোটেল পরিচালিত হচ্ছিল বলেও অভিযোগ। অগ্নিকাণ্ড বা অন্য কোনও অনভিপ্রেত দুর্ঘটনা এড়াতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পুরসভার আচমকা এই কড়াকড়িতে উৎসবের মরশুমের আগে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একইসঙ্গে কলকাতায় বেড়াতে আসা পর্যটকদের হোটেল ও গেস্ট হাউসের পরিষেবা নিয়েও নতুন করে সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ব্যবসার বিষয়টি মাথায় রেখে হোটেল কর্তৃপক্ষকে পুনরায় পরিষেবা চালুর সুযোগ দেওয়া হচ্ছে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।
পুর প্রশাসকের বক্তব্য, নির্দিষ্ট শর্ত মেনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আধুনিক ও ত্রুটিমুক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র এবং পরিকাঠামোর প্রমাণ জমা দিয়ে আবেদন করলে ফের হোটেল খোলার অনুমতি দেওয়া হবে। দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নিরাপত্তা বিধি মেনে চললেই সংশ্লিষ্ট হোটেল ও গেস্ট হাউসগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুযোগ থাকছে।




















