স্থান: নয়াদিল্লি
এসআইআর (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে সরব বিরোধী শিবির। এই পরিস্থিতিতে সিইসির বিরুদ্ধে নতুন করে অপসারণের প্রস্তাব আনা হলে তা নির্দিষ্ট নিয়ম ও সাংবিধানিক বিধি মেনেই বিবেচনা করা হবে বলে জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
ভারতে অনুষ্ঠিত হতে চলা ১২তম ব্রিকস পার্লামেন্টারি ফোরামকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠকে ওম বিড়লা জানান, বিরোধী দলগুলি আনুষ্ঠানিকভাবে কোনও প্রস্তাব পেশ করলে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণের ক্ষেত্রে যে ধরনের সাংবিধানিক ও সংসদীয় পদ্ধতি রয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি মেনেই পদক্ষেপ করতে হবে বলে তিনি স্পষ্ট করেন।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় একক সিদ্ধান্ত গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। পাশাপাশি, ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন বাতিলের দাবিও তুলেছে তারা। এই দাবিগুলি নিয়ে বিরোধী নেতারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিরোধীদের তরফে সিইসিকে অপসারণের উদ্যোগ এবং এ সংক্রান্ত প্রস্তাব নিয়ে সংসদে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। তবে প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানোর বিষয়টি সাধারণ অনাস্থা প্রস্তাবের মতো নয়। সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী, নির্দিষ্ট অভিযোগ এবং কঠোর সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই এই পদক্ষেপ করা সম্ভব।
এদিকে, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগ এবং নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। এই পরিস্থিতিতে সিইসির বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করা হলে সংসদীয় বিধি ও আইনি প্রক্রিয়াই যে চূড়ান্ত পথ হবে, স্পিকারের বক্তব্যে সেই বার্তাই উঠে এসেছে।



















