নয়াদিল্লি: ওমানের উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলার ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় নাবিক। কেন্দ্রীয় নৌপরিবহণমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ১৪ জন ভারতীয় নাবিককে নিয়ে জাহাজটি ওমান উপকূলের কাছাকাছি যাওয়ার সময় একটি অজ্ঞাত আকাশযানের (এরিয়াল অবজেক্ট) আঘাতের শিকার হয়।
মন্ত্রী জানান, সোমবার ‘এমএসভি আল জুসুফি’ নামের জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। ওই জাহাজের ১৩ জন নাবিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে ওমানের কোস্ট গার্ড তাঁদের উদ্ধার করে। তবে এই ঘটনায় গুজরাটের বাসিন্দা গান্ধার নাহিম আজিজ নামে এক নাবিকের মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট করে নিহত নাবিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সর্বানন্দ সোনোয়াল। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, “মন্ত্রক এবং ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে, যাতে প্রাণে বেঁচে যাওয়া ১৩ জন নাবিককে দ্রুত সহায়তা দেওয়া যায় এবং তাঁদের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি মৃত নাবিকের মরদেহও দ্রুত দেশে আনার ব্যবস্থা করা যায়।”



















