মুম্বই: টাটা গোষ্ঠীর অন্দরের সংঘাত নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর অভ্যন্তরীণ বিবাদ প্রকাশ্যে না এনে নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়ার পরামর্শ দিলেন তিনি। তাঁর মতে, টাটা গোষ্ঠী ভারতীয় অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই এই সংঘাতের নিষ্পত্তি হওয়া উচিত পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে। নেতৃত্বের পরিণতিবোধ এবং ব্যবসায়িক সৌজন্য বজায় রেখে দ্রুত সমস্যার সমাধান প্রয়োজন।
সোমবার মুম্বইয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে টাটা গোষ্ঠীর সাম্প্রতিক বিবাদের প্রসঙ্গ ওঠে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত কি না, সেই প্রশ্নের জবাবে নির্মলা সীতারামন জানান, পরিস্থিতি যতই গুরুতর হোক না কেন, এখনই সরকারের হস্তক্ষেপ করা প্রয়োজন বলে তিনি মনে করেন না। সংশ্লিষ্ট পক্ষগুলির নিজেদের মধ্যেই আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া উচিত।
টাটা গোষ্ঠীর দীর্ঘদিনের ব্র্যান্ডমূল্য এবং দেশের শিল্প ও অর্থনীতিতে তাদের অবদানের কথাও তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আন্তর্জাতিক স্তরে এই শিল্পগোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে পার্সি সম্প্রদায়ের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
নির্মলার বক্তব্য, টাটা গোষ্ঠীর গুরুত্ব এবং দেশের অর্থনীতিতে তাদের ভূমিকার কথা মাথায় রেখে এই বিবাদ সৌহার্দ্যপূর্ণভাবে মিটিয়ে ফেলা প্রয়োজন। নেতৃত্বের পরিণতিবোধের পরিচয় দিয়ে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার উপরেই জোর দিয়েছেন তিনি।



















