কফি হাউসের আবহে বাংলা গান, কলকাতায় কনসার্টের ইঙ্গিত দিলেন দিলজিৎ! সম্ভাব্য ভেন্যু যুবভারতী

কফি হাউসের আবহে বাংলা গান, কলকাতায় কনসার্টের ইঙ্গিত দিলেন দিলজিৎ! সম্ভাব্য ভেন্যু যুবভারতী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: “কলকাতা, তোমার শহরে আসছি।” ইনস্টাগ্রামে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের এই বার্তাতেই উচ্ছ্বাস ছড়িয়েছে তাঁর কলকাতার অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, কফি হাউসের আবহে বসে কফি খাচ্ছেন দিলজিৎ। ব্যাকগ্রাউন্ডে বাজছে বাংলা গান—‘দিশাহারা কেমন বোকা মনটা রে’। তাঁর এই পোস্ট ঘিরেই কলকাতায় কনসার্টের জল্পনা আরও জোরাল হয়েছে।

এবার সেই কনসার্ট ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। জানা গিয়েছে, প্রথমে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিলেন উদ্যোক্তারা। তবে নবান্নের তরফে যুবভারতী ক্রীড়াঙ্গনে কনসার্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও অনুষ্ঠানের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

সূত্রের খবর, সম্ভাব্য দর্শকসংখ্যা এবং টিকিটের বিপুল চাহিদার কথা মাথায় রেখেই যুবভারতীকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আয়োজনের প্রস্তুতি এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের বিষয়টি তদারকি করছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

কবে কলকাতায় কনসার্ট?

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, নভেম্বরের ২৩ বা ২৪ তারিখ এবং ডিসেম্বরের ১৯ তারিখ—এই তিনটি সম্ভাব্য দিন নিয়ে আলোচনা চলছে। তবে কোনও তারিখই এখনও চূড়ান্ত হয়নি। দিলজিতের সরকারি ট্যুর ওয়েবসাইটেও কলকাতার নাম রয়েছে। কিন্তু সেখানে কনসার্টের দিনক্ষণ ও ভেন্যু সংক্রান্ত বিস্তারিত ঘোষণা এখনও করা হয়নি।

ফলে কলকাতায় দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট হওয়ার সম্ভাবনা ঘিরে অনুরাগীদের মধ্যে উত্তেজনা বাড়লেও, চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে তাঁদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top