রায়গঞ্জ: উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবি মেটাতে রায়গঞ্জে এইমস (AIIMS) গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। রায়গঞ্জের সভা থেকেই এই প্রস্তাবের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণার পরই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পুণ্য সলিল শ্রীবাস্তবকে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। প্রস্তাবিত প্রকল্পের জন্য ইতিমধ্যেই প্রায় ১৮০ একর জমি চিহ্নিত করা হয়েছে বলেও চিঠিতে জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, উত্তরবঙ্গে এইমস তৈরির প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হবে। পাশাপাশি, প্রকল্পের কাজ এগোলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে দিকনগরে ভূমিপুজো অনুষ্ঠানে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। তার পরেই রাজ্য প্রশাসনের তরফে এই বিষয়ে প্রাথমিক পদক্ষেপ করা হয়েছে।
রাজ্য সরকারের মতে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমসের মতো একটি প্রতিষ্ঠান গড়ে উঠলে শুধু উত্তরবঙ্গ নয়, প্রতিবেশী বিহারের উত্তরাংশ এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকার মানুষও উন্নত চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন। বর্তমানে পশ্চিমবঙ্গে কল্যাণীতে একটি এইমস রয়েছে। এ ছাড়া কাছাকাছি এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে পাটনা, গুয়াহাটি ও ভুবনেশ্বরে।
কেন রায়গঞ্জকে বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে, তার ব্যাখ্যাও কেন্দ্রকে পাঠানো চিঠিতে তুলে ধরেছে রাজ্য। প্রশাসনের বক্তব্য, সেখানে এইমস তৈরি হলে উত্তরবঙ্গের তৃতীয় স্তরের বা টারশিয়ারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো অনেকটাই শক্তিশালী হবে। উন্নত ও সুপার-স্পেশালিটি চিকিৎসার জন্য রোগীদের আর দূরবর্তী শহরে ছুটতে হবে না। পাশাপাশি চিকিৎসা শিক্ষার প্রসার, উচ্চমানের প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে।
প্রস্তাবিত প্রকল্পের জন্য রায়গঞ্জে প্রায় ১৮০ একর উপযুক্ত জমি চিহ্নিত করেছে রাজ্য সরকার। জমিটি কেন্দ্রের নির্ধারিত মাপকাঠি অনুযায়ী কতটা উপযুক্ত, তা মূল্যায়নের জন্য প্রয়োজনীয় তথ্য ও বিবরণ দিতে প্রস্তুত রাজ্য। কেন্দ্রীয় মন্ত্রকের কোনও প্রযুক্তিগত দল জমি পরিদর্শনে এলে তাদের সবরকম সহযোগিতা করা হবে বলেও চিঠিতে আশ্বাস দেওয়া হয়েছে।
এখন কেন্দ্রীয় সরকারের অনুমোদন ও পরবর্তী পদক্ষেপের দিকেই নজর। সবুজ সংকেত মিললে উত্তরবঙ্গে এইমস তৈরির প্রক্রিয়া আরও এগোতে পারে।




















