কলকাতা – সবচেয়ে বড় নাগরদোলা দেখতে আর লন্ডন যাওয়ার দিন শেষ হতে চলেছে! এবার ভারতেই, কলকাতায় দেখা যাবে লন্ডনের বিখ্যাত ‘লন্ডন আই’-এর আদলে বিশাল জায়ান্ট হুইল। দীর্ঘদিনের পরিকল্পিত এই প্রকল্প ‘কলকাতা আই’ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল।
সূত্রের খবর, হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে গঙ্গাপাড়ে প্রায় সাড়ে ৪ একর জমি কলকাতা বন্দর কর্তৃপক্ষ বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর করেছে। ওই জমিতেই তৈরি হবে এই আন্তর্জাতিক মানের পর্যটন আকর্ষণ। ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে ‘লন্ডনের মতো শহর’ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখিয়েছিলেন, তার অংশ হিসেবেই প্রথমে ‘কলকাতা আই’ তৈরির ঘোষণা করা হয়েছিল। তবে জমি ও অনুমতি সংক্রান্ত জটিলতায় এতদিন প্রকল্পটি থমকে ছিল।
এবার বেসরকারি উদ্যোগে প্রকল্পটি নতুন করে গতি পেয়েছে। প্রায় ১৩৫ মিটার (৪৩০ ফুট) উঁচু এই জায়ান্ট হুইলটি তৈরি হলে তা শহরের অন্যতম আকর্ষণে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। এতে থাকবে এয়ার-কন্ডিশন্ড কাচের কেবিন, যেখান থেকে গঙ্গা ও কলকাতার স্কাইলাইনের দৃষ্টিনন্দন দৃশ্য দেখা যাবে।
প্রকল্পের বিশেষত্ব হিসেবে জানা গিয়েছে, চাকাটি অত্যন্ত ধীরগতিতে ঘুরবে এবং একবার সম্পূর্ণ পাক খেতে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট সময় লাগতে পারে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে কয়েকশো কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
শহরে পর্যটন ও বিনোদনের নতুন মাত্রা যোগ করতে ‘কলকাতা আই’ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




















