কলকাতা: কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস তথা ডিলিমিটেশন নিয়ে জটিলতা অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে দায়ের হল মামলা। মামলাকারীর অভিযোগ, কোনও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করেই কলকাতার বিভিন্ন ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হয়েছে।
মামলায় আবেদন করা হয়েছে, কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস কার্যত খামখেয়ালিভাবে করা হয়েছে। এই প্রক্রিয়ায় কোনও নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়নি বলে দাবি মামলাকারীর। পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। কীভাবে এই পুনর্বিন্যাস করা হল এবং ডিলিমিটেশনের ভিত্তিই বা কী—সেই প্রশ্ন তুলে মামলা করেছেন দীপু দাস নামে এক ব্যক্তি।
এই বিষয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের আবেদন জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আবেদনকারীর আইনজীবী শামিম আহমেদ। তাঁদের আশঙ্কা, ইতিমধ্যেই যদি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যায়, তাহলে এই আবেদনের আর কোনও গুরুত্ব থাকবে না।



















