কলকাতা পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ৩৩ ইন্সপেক্টর, বদল হল একাধিক থানার ওসি

কলকাতা পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ৩৩ ইন্সপেক্টর, বদল হল একাধিক থানার ওসি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – কলকাতা পুলিশে ফের বড়সড় প্রশাসনিক রদবদল করা হয়েছে। লালবাজারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ওসি এবং অতিরিক্ত ওসি পদে কর্মরত মোট ৩৩ জন ইন্সপেক্টরের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে শহরের প্রায় ২০টি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। এই রদবদলের অন্যতম উল্লেখযোগ্য দিক হল, দীর্ঘদিন পর একসঙ্গে কলকাতার দুটি থানার ওসির দায়িত্ব পেলেন দুই মহিলা ইন্সপেক্টর।

নতুন নির্দেশ অনুযায়ী, উত্তর কলকাতার সিঁথি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন চামেলি মুখোপাধ্যায়। এর আগে তিনি উল্টোডাঙা মহিলা থানার ওসি ছিলেন এবং ভোটের আগে কিছুদিন কালীঘাট থানার ওসির দায়িত্বও সামলেছিলেন। অন্যদিকে, টালিগঞ্জ মহিলা থানার ওসি রূপা সিংকে সরশুনা থানার নতুন ওসি করা হয়েছে।

দক্ষিণ কলকাতার ভবানীপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব চট্টোপাধ্যায়। ভবানীপুর থানার ওসি সৌমিত্র বসুকে স্পেশাল টাস্ক ফোর্সে (এসটিএফ) স্থানান্তর করা হয়েছে। এছাড়া চেতলা থানার নতুন ওসি হয়েছেন মৌসম চট্টোপাধ্যায়, পার্ক স্ট্রিট থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অমিত চট্টোপাধ্যায় এবং গৌতম রুজকে ভাঙড় থানার ওসি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর কলকাতা পুলিশে এটি দ্বিতীয় বড় রদবদল। চলতি মাসের শুরুতেই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে যুগ্ম পুলিশ কমিশনার পদে নিয়োগ করা হয়। একইসঙ্গে এসটিএফের ডেপুটি কমিশনার প্রদীপ কুমার যাদবকে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে নবান্নের নির্দেশে এক ধাক্কায় রাজ্যের ১০৮ জন আইসিরও বদলি করা হয়েছিল। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং পুলিশি ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যেই এই ধারাবাহিক রদবদলের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের একাংশের মত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top