দক্ষিন চব্বিশ পরগনা – দক্ষিণ ২৪ পরগনার এক মহিলার চিকিৎসাকে কেন্দ্র করে সেবাশ্রয় শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, ভুল চিকিৎসার জেরে শেষ পর্যন্ত একটি পা হারাতে হয়েছে তাঁকে। এই ঘটনায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১১ জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগকারী মালতী বিশ্বাস, দক্ষিণ ২৪ পরগনার আক্রা এলাকার বাসিন্দা। তাঁর দাবি, হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য তিনি সেবাশ্রয় শিবিরে গিয়েছিলেন। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর তাঁকে কয়েকটি ওষুধ দেওয়া হয়। অভিযোগ, সেই ওষুধ সেবনের পর তাঁর হাঁটুর ব্যথা আরও বেড়ে যায় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।
পরিবারের দাবি, পরে তিনি আবার সেবাশ্রয় শিবিরে গেলে তাঁকে এম আর বাঙুর হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরে তাঁকে চিত্তরঞ্জন হাসপাতাল এবং পরবর্তীতে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। একাধিক হাসপাতালে চিকিৎসার পরও অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাঁর একটি পা অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দিতে হয় বলে অভিযোগ।
মালতী বিশ্বাস এবং তাঁর পরিবারের অভিযোগ, ঘটনার পর একাধিকবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সেবাশ্রয় শিবিরের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কোনও সহযোগিতা পাননি। পরবর্তীতে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি বর্তমানে পুলিশের কাছে অভিযোগ আকারে রয়েছে এবং তদন্তের পরই ঘটনার প্রকৃত তথ্য স্পষ্ট হবে।




















