রাজ্য – গঙ্গার তীরে বাজা কদমতলা ঘাটে বৃষ্টিস্নাত সন্ধ্যায় জ্বলে উঠল লক্ষাধিক আশীর্বাদের প্রদীপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ২৫ বছরের নিরবচ্ছিন্ন জনসেবা এবং জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হল মাসব্যাপী উদযাপন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে ‘বিশ্বনেতা’ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের বিভিন্ন পরিকাঠামো ও জনকল্যাণমূলক প্রকল্পের অনুমোদন এবং অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি, রাজ্য মন্ত্রিসভার সদস্য তাপস রায় ও ইন্দ্রনীল খান, কলকাতার পুর-প্রশাসক স্মিতা পান্ডে-সহ পুলিশ ও প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বৃহস্পতিবারের এই কর্মসূচির মধ্য দিয়েই মাসব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে। আগামী ১০ অক্টোবর মহালয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই উদযাপন চলবে বলে জানানো হয়েছে।
এদিকে আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পাশাপাশি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলায় ভার্চুয়াল সভার আয়োজন করা হবে। গঙ্গার ঘাটের অনুষ্ঠান থেকেই গত চার মাসে রাজ্যের বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ এবং কেন্দ্রীয় বরাদ্দের হিসাবও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ‘অন্নপূর্ণা দিবস’ উপলক্ষে ১ কোটি ৬০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাঠানোর কথা জানান শুভেন্দু অধিকারী। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের পাশাপাশি কেন্দ্রের সহযোগিতায় রাজ্যে পরিকাঠামো উন্নয়নের একাধিক প্রকল্প এগিয়ে চলেছে বলেও অনুষ্ঠানে দাবি করা হয়।




















