আন্তর্জাতিক ডেস্ক: গাজা সংঘাতের অবসানের লক্ষ্যে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি দাবি করেন, হামাস সম্পূর্ণভাবে অস্ত্র প্রত্যাহারে সম্মত হয়েছে। একই সঙ্গে গাজায় অসামরিক প্রশাসন গঠন এবং ইজরায়েলি সেনা প্রত্যাহারের পথও তৈরি হয়েছে বলে জানান তিনি। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা ইজরায়েল-হামাস সংঘাতের পর এই ঘোষণা আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
নিজস্ব সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ‘বোর্ড অফ পিস’ একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। তাঁর দাবি, হামাস এবং গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী অস্ত্র ত্যাগে রাজি হয়েছে, যা মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, হামাস নিরস্ত্রীকরণের প্রক্রিয়া সম্পন্ন করলেই গাজা থেকে ধাপে ধাপে ইজরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। পাশাপাশি, গাজার আইনশৃঙ্খলা রক্ষার জন্য একটি নতুন প্যালেস্টাইনি পুলিশ বাহিনী গঠন করা হবে, যারা ভবিষ্যতে প্রশাসনিক দায়িত্ব সামলাবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, এই সমঝোতা বাস্তবায়নে একাধিক দেশের কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। বিশেষভাবে মিশর, কাতার এবং তুরস্ককে মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানান তিনি। তাঁর দাবি, সংশ্লিষ্ট দেশগুলির প্রচেষ্টাতেই শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
তবে ট্রাম্পের এই ঘোষণার পর হামাস, ইজরায়েল বা সংশ্লিষ্ট পক্ষগুলির তরফে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। ফলে ঘোষিত পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলের নজর এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকেই।




















