কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের জোড়া সোনা, পুরুষ ও মহিলা—দুই বিভাগেই চ্যাম্পিয়ন

কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের জোড়া সোনা, পুরুষ ও মহিলা—দুই বিভাগেই চ্যাম্পিয়ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



স্পোর্টস ডেস্ক: কমনওয়েলথ গেমসে এবার টেবল টেনিস না থাকলেও দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে দুরন্ত সাফল্য পেল ভারত। বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে পুরুষ ও মহিলা—দুই টিম ইভেন্টেই মালয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মহিলা দল ৩-০ ব্যবধানে জয় তুলে নেয়, আর পুরুষ দল টানটান লড়াইয়ের পর ৩-২ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করে।

দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে প্রথমে ফাইনালে নামে ভারতীয় মহিলা দল। উদ্বোধনী ম্যাচে স্বস্তিকা ঘোষ ১১-৭, ১১-২, ৯-১১, ১১-৯ গেমে শিন টি-কে পরাজিত করেন। দ্বিতীয় ম্যাচে শ্রীজা আকুলা ৯-১১, ১১-৬, ১১-৪, ৫-১১, ১১-৩ গেমে ক্যারেন আনাককে হারিয়ে ভারতের ব্যবধান বাড়ান। এরপর যশস্বিনী ঘোরপড়ে অ্যালিস লির বিরুদ্ধে ৭-১১, ১১-৩, ১৭-১৫, ১১-৫ গেমে জয় পেতেই ৩-০ ব্যবধানে শিরোপা নিশ্চিত হয় ভারতের। দলে থাকলেও ফাইনালে খেলেননি সুতীর্থা মুখোপাধ্যায় ও সিন্ড্রেলা দাস।

পুরুষ বিভাগের ফাইনাল ছিল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভারতের হয়ে প্রথম দুটি ম্যাচে মানব ঠক্কর এবং মনুশ শাহ যথাক্রমে জাভেন চুং ও কিউ শেন ওংকে হারিয়ে দলকে এগিয়ে দেন। তবে পরবর্তী দুটি ম্যাচে জি সাথীয়ান এবং মানব ঠক্কর পরাজিত হলে ২-২ সমতা ফেরায় মালয়েশিয়া। শেষ ও নির্ধারণকারী ম্যাচে মনুশ শাহ দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ১১-৭, ১১-৪, ১১-৪ গেমে জাভেন চুংকে হারান এবং ভারতের হয়ে সোনার পদক নিশ্চিত করেন।

এই জয়ের মাধ্যমে কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারত পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই দলগত শিরোপা জিতে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top