গুয়াহাটি: গুয়াহাটির একটি হোটেলে গুলি চালিয়ে পাঁচ জনকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈয়ের মৃত্যু হল পুলিশের গুলিতে। বুধবার অসমের শিবসাগর জেলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় এক পুলিশকর্মীর সার্ভিস পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সে বলে অভিযোগ। সেই সময়ই পুলিশ গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৩৪ বছর বয়সি গগৈয়ের। অসম পুলিশের উচ্চপদস্থ আধিকারিক পাপোরি চেতিয়া এই খবর নিশ্চিত করেছেন।
পিস্তল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ
২০২৪ সালের একটি ব্যাঙ্ক প্রতারণার মামলাতেও নাম জড়িয়েছিল ঘনকান্ত গগৈয়ের। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে গুয়াহাটি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে শিবসাগরে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ফুলপানিচিগা এলাকায় গাড়ি থামিয়ে শৌচকর্মের জন্য নামতে চায় সে। গাড়ি থেকে নামার পরই তদন্তকারী আধিকারিক তথা সাব-ইনস্পেক্টর দেবাশিস শর্মার সার্ভিস পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।
পাপোরি চেতিয়ার দাবি, ঘনকান্ত প্রশিক্ষিত শুটার হওয়ায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ধস্তাধস্তির মধ্যে দু’ থেকে তিন রাউন্ড গুলি চলে। এর মধ্যে দু’টি গুলি পুলিশের গাড়িতে লাগে এবং অন্য একটি গুলি সাব-ইনস্পেক্টর দেবাশিস শর্মার ডান পায়ে লাগে।
সহকর্মীকে বাঁচাতে দলের অন্য এক পুলিশকর্মী পাল্টা গুলি চালান। সেই গুলিতেই গুরুতর জখম হয় ঘনকান্ত গগৈ। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।



















