নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধন এবং নতুন নাম নথিভুক্তির প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ‘ফর্ম-৬’ (Form-6) ব্যবহার নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কমিশন। জানানো হয়েছে, যাঁদের নাম আগে ভোটার তালিকায় ছিল, কিন্তু SIR-এর জেরে প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা ফের নাম তোলার জন্য ফর্ম-৬ পূরণ করলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এমনকি ফর্মে নিজেদের প্রথমবারের ভোটার হিসেবে উল্লেখ করলেও তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে কমিশন।
সাধারণত যাঁরা প্রথমবার ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে চান, তাঁরাই ফর্ম-৬ পূরণ করেন। কিন্তু SIR প্রক্রিয়া চলাকালীন ফর্ম-৬-এর ঘোষণাপত্রের একটি অংশকে কেন্দ্র করে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। বিষয়টি নিয়ে আইনি জটিলতাও দেখা দেয়।
কেন তৈরি হয়েছিল বিতর্ক?
১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারা অনুযায়ী, ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে জেনেশুনে মিথ্যা বা ভুয়ো ঘোষণা করা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
ফর্ম-৬-এর ঘোষণাপত্রে নিজেকে প্রথমবারের ভোটার হিসেবে উল্লেখ করার বিষয়টি নিয়েই তৈরি হয়েছিল আশঙ্কা। কারণ, আগে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও SIR-এর খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা নতুন করে ফর্ম-৬ পূরণ করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার সেই আশঙ্কা দূর করে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন।



















