মুম্বই: টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ ঘিরে প্রকাশ্যে এল টাটা ট্রাস্টসের আপত্তি। রবিবার এক বিবৃতিতে ট্রাস্টসের তরফে দাবি করা হয়েছে, ১৭ সেপ্টেম্বরের বোর্ড বৈঠকে চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য চেয়ারম্যান করার যে প্রস্তাব পাশ হয়েছে, তা বৈধভাবে গৃহীত হয়নি এবং এর কোনও আইনগত কার্যকারিতা নেই।
টাটা ট্রাস্টসের হাতে টাটা সন্সের প্রায় ৬৬ শতাংশ মালিকানা রয়েছে। সংস্থার পরিচালন পর্ষদে ট্রাস্টসের দু’জন মনোনীত পরিচালকও রয়েছেন—টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা এবং ভেনু শ্রীনিবাসন। ট্রাস্টসের বক্তব্য, তাঁদের মনোনীত পরিচালকদের প্রয়োজনীয় সমর্থন ছাড়া গুরুত্বপূর্ণ কোনও প্রস্তাবকে বৈধ বলা যায় না।
গত ১৭ সেপ্টেম্বরের বোর্ড বৈঠকে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের প্রস্তাবে নোয়েল টাটা ভোট দেন বিপক্ষে। অন্যদিকে, ট্রাস্টসের অপর মনোনীত পরিচালক ভেনু শ্রীনিবাসন প্রস্তাবের পক্ষে ভোট দেন। বোর্ডের সামগ্রিক ভোটে প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেলেও, ট্রাস্টসের দাবি—তাদের দুই মনোনীত পরিচালকের মধ্যে প্রয়োজনীয় সমর্থন না থাকায় সেই সিদ্ধান্তকে বৈধ বলে গণ্য করা যায় না।
এই বিরোধের কেন্দ্রে রয়েছে টাটা সন্সের Articles of Association-এর নির্দিষ্ট বিধান। ট্রাস্টসের বক্তব্য, দুই মনোনীত পরিচালকের মধ্যে সমর্থনের ক্ষেত্রে এক-এক ভোট হওয়ায় প্রয়োজনীয় সম্মতি পাওয়া যায়নি। চেয়ারম্যানের casting vote ব্যবহার করেও এই ঘাটতি পূরণ করা যায় না বলে দাবি করেছে ট্রাস্টস। ফলে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ ঘিরে টাটা সন্সের বোর্ড এবং টাটা ট্রাস্টসের মধ্যে মতপার্থক্য এখন প্রকাশ্য পর্যায়ে পৌঁছেছে।




















