কৃষ্ণনগর: প্রতিকূল আবহাওয়া, তুষারঝড়ের সঙ্গে একের পর এক তুষারধস—সব বাধা পেরিয়ে নেপালের মানাসলু জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন বাঙালি পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহ। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হল না। বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলুর ক্যাম্প ৩-এর কাছে ভয়াবহ তুষারধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁর। তাঁর সঙ্গে থাকা শেরপা গাইড ফুরসেম্বা শেরপারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
কৃষ্ণনগরের ষষ্ঠীতলার বাসিন্দা ধ্রুবজ্যোতি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। একটি নামী বহুজাতিক সংস্থায় কর্মরত এই পর্বতারোহী বর্তমানে জার্মানিতে থাকতেন। চাকরির পাশাপাশি পাহাড়ে অভিযান ছিল তাঁর অন্যতম নেশা। এর আগে একাধিক পর্বতশৃঙ্গে অভিযান চালিয়েছিলেন তিনি। এবার তাঁর লক্ষ্য ছিল ৮,১৬৩ মিটার উচ্চতার মানাসলুর চূড়ায় পৌঁছনো।
কয়েক দিন আগেই মানাসলু অভিযানে রওনা দিয়েছিলেন ধ্রুবজ্যোতি। কিন্তু শুরু থেকেই প্রতিকূল আবহাওয়ার মুখে পড়তে হয় অভিযাত্রীদের। তুষারঝড়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারধসের ঘটনাও ঘটছিল। পরিস্থিতি কঠিন হলেও অভিযান চালিয়ে যাচ্ছিলেন তাঁরা।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মানাসলুর চূড়ায় ওঠার পথ তৈরি করতে গত কয়েক দিন ধরে কাজ করছিল রোপ-ফিক্সিং দল। সেই সময়ও একাধিকবার তুষারধসের মুখে পড়তে হয়েছিল দলটিকে। শেষ পর্যন্ত ক্যাম্প ৩-এর কাছে প্রবল তুষারধসই প্রাণ কেড়ে নিল ধ্রুবজ্যোতি এবং তাঁর শেরপা গাইডের। পর্বতারোহণ মহলে নেমে এসেছে শোকের ছায়া।




















