নদিয়া- নদিয়া থেকে উত্তরবঙ্গ যাতায়াত এবার আরও সহজ হতে চলেছে। দীর্ঘ পথ পেরিয়ে কলকাতায় গিয়ে তারপর উত্তরবঙ্গের বাস বা ট্রেন ধরার প্রয়োজন আর থাকছে না। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে চাকদহ থেকে সরাসরি শিলিগুড়ি পর্যন্ত এসি বাস পরিষেবা চালু হতে চলেছে। বিলাসবহুল এই বাসে একাধিক সুবিধা থাকবে। চলতি সপ্তাহ থেকেই নতুন এই পরিষেবা শুরু হওয়ার কথা জানা গিয়েছে।
নতুন পরিষেবা চালু হলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় চাকদহ চৌমাথা বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়ির উদ্দেশে বাসটি রওনা দেবে। রাতভর যাত্রার পর ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিলিগুড়িতে পৌঁছনোর কথা। পথে রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বেথুয়াডহরি, বহরমপুর, ফরাক্কা এবং বাগডোগরা হয়ে বাসটি শিলিগুড়ি জংশনে পৌঁছবে।
ফলে শুধু চাকদহ নয়, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর-সহ নদিয়া ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার যাত্রীরাও উপকৃত হবেন। উত্তরবঙ্গে যাতায়াতের ক্ষেত্রে নতুন এই সরাসরি বাস পরিষেবা সময় ও যাত্রার ঝক্কি—দুই-ই কমাবে বলে আশা করা হচ্ছে।



















