হরমুজ প্রণালী আমেরিকার দখলে! ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

হরমুজ প্রণালী আমেরিকার দখলে! ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে আমেরিকার দখলে চলে এসেছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে মার্কিন নৌবাহিনী কার্যত ‘লোহার দেওয়াল’ তৈরি করেছে। তাঁর বক্তব্য, কোনওভাবেই সেই প্রতিরক্ষা বলয় ভেদ করে এগোতে পারবে না ইরান। পোস্টের শেষে ট্রাম্প লেখেন, ‘আল্লার গৌরব হোক।’ এর আগে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখতে আমেরিকা প্রায় ২০টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলেও খবর প্রকাশ্যে এসেছিল।

পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে শান্তি ফেরানোর সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হলেও হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তা এবং তেহরানের উপর চাপ ও অবরোধ আরও জোরদার করার উদ্দেশ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

ইরানের বন্দর থেকে আসা-যাওয়া করা জাহাজগুলির উপর নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতেই হরমুজ প্রণালী ঘিরে মার্কিন সামরিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, সংঘাতের শুরু থেকেই হরমুজ প্রণালীকে নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত করে আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করার চেষ্টা করেছে তেহরান।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের তরফে জানানো হয়েছে, আমেরিকা নিজেদের অবস্থান ও আচরণ পরিবর্তন না করা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। ফলে একদিকে ইরানের অবরোধ, অন্যদিকে প্রণালী নিয়ন্ত্রণে মার্কিন সামরিক তৎপরতা—দুইয়ের সংঘাতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের ‘হরমুজ এখন আমেরিকার দখলে’ দাবি কতটা বাস্তবে কার্যকর হয়, সেটাই এখন নজরে আন্তর্জাতিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top