চেন্নাই: তামিলনাড়ুর পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার প্রায় ৪,৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পুনমাল্লি-ভাদাপালানি অংশের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। এই প্রকল্পের মাধ্যমে শহরের গণপরিবহণ ব্যবস্থা আরও উন্নত হবে এবং যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এদিন প্রায় ৩,৭০০ কোটি টাকা ব্যয়ে একাধিক জাতীয় সড়ক প্রকল্পেরও উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি ছিল। এর মধ্যে রয়েছে জাতীয় সড়ক ৭৪৪-এর ৩৬ কিলোমিটার দীর্ঘ ভাদুগাপট্টি-থেরকুভেঙ্গানাল্লুর চার লেনের সড়ক এবং জাতীয় সড়ক ৭৪৪এ-র ৩০ কিলোমিটার দীর্ঘ মাদুরাই রিং রোড। এই সড়ক প্রকল্পগুলি চালু হলে যাতায়াতের সময় কমবে, যানজট নিয়ন্ত্রণে সুবিধা হবে এবং শিল্প-বাণিজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।
সড়ক ও মেট্রো পরিষেবার পাশাপাশি বন্দর পরিকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চেন্নাই বন্দরে পণ্য সংরক্ষণের জন্য নতুন জায়গা, চারটি এক্সিম গুদাম, আধুনিক ক্রুজ টার্মিনাল এবং নাবিকদের জন্য একটি ক্লাবের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এর ফলে বন্দরের পরিষেবা ও পণ্য পরিচালনার পরিকাঠামো আরও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, ভি. ও. চিদাম্বরনার বন্দরে আটটি গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে পণ্য ও কনটেনার পরিবহণের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কামারাজার বন্দরে কয়লা বার্থ-৩ চালু করার পাশাপাশি কনটেনার টার্মিনালের দ্বিতীয় পর্যায়ের জন্য ড্রেজিংয়ের কাজের শিলান্যাসও করা হবে। সব মিলিয়ে সড়ক, মেট্রো ও বন্দর—তিন ক্ষেত্রেই পরিকাঠামো সম্প্রসারণের মাধ্যমে তামিলনাড়ুর যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।




















