রাজ্য – দক্ষিণবঙ্গে একদিকে যখন ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি—রাজ্যে আবহাওয়ার এই দুই রকম চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় অস্বস্তিকর গরম এবং রাতেও সেই ভ্যাপসা পরিস্থিতি বজায় থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার থেকে রাজ্যের একাধিক জেলায় ফের ঝড়-বৃষ্টি শুরু হতে পারে।
তবে একইসঙ্গে গরম ও অস্বস্তি আপাতত কমছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। ইতিমধ্যেই অনেক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়েছে এবং কোথাও কোথাও তা ৪০ ডিগ্রির কাছাকাছিও পৌঁছে গেছে। বিশেষ করে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদসহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল ঝড়-বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। তবে এই সময়েও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে, ফলে গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না।
সব মিলিয়ে দক্ষিণবঙ্গে গরমের সঙ্গে ঝড়-বৃষ্টির মিশ্র আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।




















