দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের আগে ঝড়-বৃষ্টির দাপট, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের আগে ঝড়-বৃষ্টির দাপট, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই দক্ষিণবঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করবে বর্ষা। তবে তার আগেই বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা দিয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা বেড়েছে। রবিবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর আশঙ্কা বেশি। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে, রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরেও গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমও অনুভূত হতে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু এলাকায় ঝড়ের গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগামী মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top