‘স্বচ্ছতাকে স্বাগত’ কর্মসূচির সূচনা আজ, কলকাতা পুরসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘স্বচ্ছতাকে স্বাগত’ কর্মসূচির সূচনা আজ, কলকাতা পুরসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – মহানগর জুড়ে পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার থেকে শুরু হচ্ছে বিশেষ সাফাই অভিযান ‘স্বচ্ছতাকে স্বাগত’। এই কর্মসূচির সূচনা করতে কলকাতা পুরসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শহরের বিভিন্ন দলের জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্টের সদ্য প্রাক্তন কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি কলকাতার সমস্ত বিজেপি ও তৃণমূল বিধায়কদেরও উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক কর্মসূচিতে বিরোধী প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর ধারাবাহিকতার মধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২১ জুন রাজ্যে বিশ্ব যোগ দিবস উপলক্ষে একটি বৃহৎ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কলকাতার রেড রোডে অনুষ্ঠিতব্য সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে। তার আগে শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে নাগরিক পরিকাঠামোকে আরও উন্নত করার লক্ষ্য নিয়েছে প্রশাসন।

সূত্রের খবর, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অসীম বসু-সহ একাধিক প্রাক্তন মেয়র পারিষদ এই কর্মসূচিতে অংশ নিতে পারেন। তবে পুরসভার নেতৃত্ব পরিবর্তন সংক্রান্ত বিতর্কে যাঁরা সাম্প্রতিক সময়ে সক্রিয় ছিলেন, তাঁদের একাংশ অনুষ্ঠানে অনুপস্থিত থাকতে পারেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

‘স্বচ্ছতাকে স্বাগত’ কর্মসূচি আগামী ছয় দিন ধরে চলবে। বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই কলকাতা পুরসভায় ব্যাপক প্রস্তুতি চলেছে। রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডের নেতৃত্বে পুরসভার বহু আধিকারিক পুরভবনে উপস্থিত থেকে প্রস্তুতি খতিয়ে দেখেন। প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থার আরও উন্নতি হবে এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top