দলত্যাগীদের ওপেন চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘ফিরে আসুন, এক ঘণ্টার মধ্যে ইস্তফা দেব’

দলত্যাগীদের ওপেন চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘ফিরে আসুন, এক ঘণ্টার মধ্যে ইস্তফা দেব’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক সাংসদ ও বিধায়কের দলত্যাগের আবহে এবার প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দলত্যাগীদের উদ্দেশে বলেন, কেউ যদি মনে করেন দলের বর্তমান পরিস্থিতির জন্য তিনি দায়ী, তাহলে তাঁরা তৃণমূলে ফিরে আসুন, তিনি এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে প্রস্তুত।

শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে বুলডোজার চালানোর ঘটনার পর বিকেলে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পাশে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানেই দলত্যাগীদের উদ্দেশে অভিষেক বলেন, “আমাকে নিয়ে কারও অসুবিধা থাকলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসুন। আমি ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দেব।”

এরপর নিজের বক্তব্য আরও জোরালো করে তিনি সময়সীমা কমিয়ে এক ঘণ্টা করে দেন। অভিষেক বলেন, “২৪ ঘণ্টা নয়, আমি এক ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দেব। আরও কমিয়ে দিচ্ছি। আপনারা যদি বিকেল ৩টায় ফিরে আসেন, আমি বিকেল ৪টায় পদত্যাগ করব।”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও দাবি করেন, যদি দলের পরাজয় বা ফলাফলের জন্য তাঁকে দায়ী করা হয়, তাহলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের ২৯টি আসন জয়ের কৃতিত্বও তাঁর প্রাপ্য। তিনি বলেন, “আবারও বলছি, আপনারা ফিরে আসুন, আমি এক ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দেব। দেখে নেবেন, কেউ ফিরবে না।”

একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁকে আক্রমণ করার জন্য রাজনৈতিকভাবে পরিকল্পিত প্রচার চালানো হচ্ছে। তাঁর দাবি, তাঁকে লক্ষ্য করে কটাক্ষ বা সমালোচনা করলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপ থেকে রেহাই পাওয়া যাবে— এমন ধারণা ছড়ানো হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top