অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, কলকাতা পুলিশের নতুন টাস্ক ফোর্স ‘এসটিএফ-ডি’

অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, কলকাতা পুলিশের নতুন টাস্ক ফোর্স ‘এসটিএফ-ডি’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – কলকাতায় অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নতুন উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যাঁরা দেশে থেকে গিয়েছেন বা সন্দেহভাজন অবৈধ অভিবাসী হিসেবে বসবাস করছেন, তাঁদের শনাক্তকরণ, নথিপত্র যাচাই এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য গঠন করা হয়েছে নতুন বিভাগ স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন (এসটিএফ-ডি)।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ টাস্ক ফোর্স শহরে বসবাসকারী বিদেশি নাগরিকদের ভিসা, আবাসিক অনুমতি এবং অন্যান্য নথিপত্র খতিয়ে দেখবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কর-সংক্রান্ত বিষয়গুলিও যাচাই করা হবে।

পুলিশের দাবি, গত কয়েক বছরে এমন একাধিক বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছে, যাঁদের ভিসার মেয়াদ বহু আগেই শেষ হয়ে গিয়েছিল। অভিযোগ, তাঁদের মধ্যে কেউ কেউ জাল পরিচয়পত্র তৈরি করে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এবং ভারতীয় পরিচয়ে চাকরি বা ব্যবসাও করছিলেন। বিশেষ করে বাংলাদেশ ও আফগানিস্তানের কিছু নাগরিকের ক্ষেত্রে এমন প্রবণতা নজরে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

নতুন এসটিএফ-ডি একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে কাজ করবে। এই টাস্ক ফোর্সে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের রেসিডেন্সিয়াল পারমিট সেকশন, ইনভেস্টিগেশন সেল, ফরেনার্স ইনকোয়ারি সেকশন এবং ইললিগাল মাইগ্র্যান্টস সেলের আধিকারিকরা যুক্ত থাকবেন। লালবাজারের নির্দেশ অনুযায়ী, নতুন এই বিশেষ টাস্ক ফোর্সকে অবিলম্বে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top