নয়াদিল্লি — দীপাবলির উৎসবের আবহে মদ্যপায়ীদের জন্য দুঃসংবাদ। আগামী ৮ নভেম্বর, রবিবার দীপাবলি উপলক্ষে দেশের একাধিক রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে ওই দিন বন্ধ থাকবে মদের দোকান। সংশ্লিষ্ট রাজ্যগুলির আবগারি দপ্তরের নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, ৮ নভেম্বর সরকারি ও বেসরকারি কোনও মদের দোকান থেকেই দেশি মদ, বিদেশি মদ কিংবা বিয়ার কেনা যাবে না। এমনকি মডেল শপগুলিতেও বন্ধ থাকবে মদ বিক্রি।
শুধু মদের দোকানই নয়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং এনসিআর এলাকার বার, পাব ও রেস্তরাঁগুলিতেও ওই দিন মদ পরিবেশনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে রেস্তরাঁ খোলা থাকলেও মদ পরিবেশন করা যাবে না। তবে খাবার এবং মদবিহীন পানীয় পরিবেশনের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকছে না।
দীপাবলির দিন উৎসবের পরিবেশে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং আবগারি সংক্রান্ত নিয়ম কার্যকর করতেই এই ড্রাই ডে-র সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ফলে ৮ নভেম্বর দেশের একাধিক রাজ্যে মদ বিক্রি ও পরিবেশনে সম্পূর্ণ বিরতি থাকছে।




















