‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের পরিস্থিতি’, রামলীলা ময়দান থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি বেবি-দীপঙ্করের

‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের পরিস্থিতি’, রামলীলা ময়দান থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি বেবি-দীপঙ্করের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নয়াদিল্লি: দিল্লির রামলীলা ময়দানে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সমাবেশ থেকে একযোগে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি এবং সিপিআই (এমএল) লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুললেন তাঁরা।

বিরোধী জোটের এই মেগা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দীপঙ্কর ভট্টাচার্য বর্তমান পরিস্থিতিকে ‘পুলিশি রাজ্য’-এর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “রামলীলা ময়দান থেকে বহুবার ইতিহাস নতুন করে লেখা হয়েছে। আজ আমরা ঠিক তেমনই এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। বাংলা ও বিহারের মানুষ ইতিমধ্যেই ভুক্তভোগী। আমি আপনাদের সবার কাছে প্রতিরোধের আবেদন জানাচ্ছি।”

এরপর বক্তব্য রাখতে উঠে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি বলেন, “আজকের পরিস্থিতি দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। যিনি ভোট চুরি করেছেন, সেই জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতেই হবে।” স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধী সত্যের পথ অনুসরণ করেছিলেন বলে উল্লেখ করে বেবির অভিযোগ, বর্তমানে নরেন্দ্র মোদী মিথ্যাচারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে আগে থেকেই নিরাপত্তা জোরদার করেছিল দিল্লি পুলিশ। রামলীলা ময়দান ও সংলগ্ন এলাকায় প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়। গোটা শহরে বসানো হয়েছিল ২৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যদের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে সুজন চক্রবর্তীর নেতৃত্বে একটি দলও এদিনের মিছিলে যোগ দেয়।

দিল্লি পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) রোহিত রাজবীর জানান, রবিবার ভোর সাড়ে ৫টা থেকেই রামলীলা ময়দানে মানুষের ভিড় জমতে শুরু করেছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top