নয়াদিল্লি: দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জনসভা থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারকে একযোগে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের যুবসমাজই বর্তমান পরিস্থিতির জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি। প্রয়োজনে অভিভাবক হিসেবে তাঁদের পথ দেখানোর কথাও জানান তৃণমূলনেত্রী।
রবিবারের সমাবেশে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে মমতা অভিযোগ করেন, বিজেপি ও নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করেছে। বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সমাবেশের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান মমতা। তেজস্বী যাদব, কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ঘভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া সুলে-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতির কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি বাম নেতৃত্ব, নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন এবং তরুণ প্রজন্মের ভূমিকাকেও সাধুবাদ জানান। তাঁর বক্তব্য, বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে সকলে মিলে যে লড়াই শুরু করেছেন, তাতে জয় নিশ্চিত।
কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন, “আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। ভোট লুট করেছে বিজেপি, দেশের গণতন্ত্রকে হরণ করেছে।” তাঁর অভিযোগ, এসআইআর (SIR) প্রক্রিয়ার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ।
এসআইআর-এর পূর্ণরূপ নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, এর অর্থ ‘স্পেশাল ইনটেনসিভ রিলিফ টু আ পলিটিক্যাল পার্টি লাইক বিজেপি’। মমতার দাবি, শুধু ভোটাধিকার বা গণতন্ত্রই নয়, বাংলার মানুষের চাকরি, সম্মান এবং সাংবিধানিক অধিকারও কেড়ে নেওয়া হয়েছে।




















