রাজ্য – টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নবান্ন সফর ঘিরে নতুন করে রাজনৈতিক ও চলচ্চিত্র মহলে জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার তিনি নবান্নে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকের পর থেকেই বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা শুরু হলেও, বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর কয়েক দিন আগেই, ৬ জুলাই কলকাতা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের ‘উৎসব’ নিবাসে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ও সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। ব্যস্ত কর্মসূচির মধ্যেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ। সেখানে প্রায় ১৫ মিনিট ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।
সূত্রের খবর, ওই বৈঠকে কেন্দ্রীয় সরকারের গত ১২ বছরের বিভিন্ন কাজ ও সাফল্যের বিষয় অভিনেতার সামনে তুলে ধরেন অমিত শাহ। সৌজন্য সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও তাঁকে একটি বই উপহার দেন। সম্প্রতি পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় অভিনেতাকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বৈঠক হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে এই বৈঠকগুলির উদ্দেশ্য বা আলোচনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।




















